মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর যৌথ উদ্যোগে খুব শীঘ্রই ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতা ও চিকিৎসা শিবির। সোমবার এক অনলাইন বৈঠকে এ তথ্য জানান প্রখ্যাত চিকিৎসক ডাঃ শান্তনু সেন।তিনি জানান, আগামী দুই-তিন মাসের মধ্যেই বিশেষজ্ঞ দল ত্রিপুরায় এসে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরামর্শ দেবেন। প্রথম পর্যায়ে বিবাহযোগ্য যুবক-যুবতীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে HPLC পরীক্ষা করে থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করা হবে এবং দেওয়া হবে সার্টিফিকেট।দ্বিতীয় পর্যায়ে থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুদের জন্য HLA Typing ও I-BMT (বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। যেখানে সাধারণত ৪০–৪৫ লক্ষ টাকা ব্যয় হয়, সেখানে এই উদ্যোগে মিলবে বিনা খরচে জীবনদায়ী চিকিৎসা।হাসপাতালের সভাপতি মলয় পীট জানান, সরকারের সহযোগিতায় এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সচেতনতা ও আগাম পরীক্ষাই পারে গড়ে তুলতে থ্যালাসেমিয়া-মুক্ত সমাজ।
থ্যালাসেমিয়া রুখতে একসাথে ত্রিপুরা–মুম্বাই: বিনামূল্যে পরীক্ষা ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টের উদ্যোগ
