তথাকথিত স্মার্টসিটির উন্নয়নের দাবির মাঝেই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুর কোঅপারেটিভ এলাকা সংলগ্ন রাস্তা। দীর্ঘদিন ধরে জল জমার সমস্যায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট ও আশপাশের এলাকা জলের নিচে চলে যায়। ফলে প্রায় ২০০ থেকে আড়াইশো পরিবারের মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত এবং নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে।স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে সমস্যা সমাধানের আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। বুধবারের সামান্য বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা, যার জেরে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।পরিস্থিতির প্রতিবাদে এদিন এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। দ্রুত উন্নত জলনিকাশি ব্যবস্থা গড়ে তুলে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান তারা।স্থানীয়দের প্রশ্ন, “যদি সামান্য বৃষ্টিতেই এমন পরিস্থিতি হয়, তাহলে স্মার্টসিটির উন্নয়ন কোথায়?”
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন স্মার্টসিটির রাস্তা! ক্ষোভে ফুঁসছে খয়েরপুরের বাসিন্দারা
