Headlines

টানা বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষোভ বিস্ফোরণ! বাইখোড়ার মগ পাড়ায় পথ অবরোধে স্থানীয়রা

দীর্ঘদিনের বিদ্যুৎ পরিষেবা সমস্যায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পথ অবরোধে সামিল হলেন বাইখোড়ার পশ্চিম চড়কবাই মগ পাড়ার স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বাইখোড়া থেকে মুহুরীপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, মগ পাড়া এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই বিদ্যুতের ট্রান্সফরমার সমস্যার কারণে বারবার বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। এরমধ্যে গত তিনদিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন এলাকার মানুষ। বহুবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।বিক্ষোভকারীদের দাবি, বিদ্যুৎ দপ্তর প্রায়শই অভিযোগ তোলে যে এলাকার বহু গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, তাই পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে স্থানীয়দের বক্তব্য, অনেক পরিবার নিয়মিত বিল পরিশোধ করলেও তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যারা বিল বকেয়া রেখেছেন, তাদের বিরুদ্ধে দপ্তর ব্যবস্থা নিক, কিন্তু গোটা এলাকাকে কেন সমস্যার মুখে ফেলতে হবে—এই প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।এদিন আন্দোলনরত স্থানীয়দের একটাই দাবি ছিল, অবিলম্বে নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। বিদ্যুৎ না থাকায় এলাকায় পানীয় জলের সংকটও তীব্র আকার নিয়েছে। ফলে বিদ্যুতের পাশাপাশি পানীয় জলের দাবিতেও আন্দোলনে শামিল হন এলাকার মহিলারা।বৃহস্পতিবার ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় দীর্ঘ সময় অবরোধ চললেও ঘটনাস্থলে কোনো সরকারি আধিকারিককে দেখা যায়নি বলে অভিযোগ ওঠে। এখন দেখার বিষয়, প্রশাসন কবে অবরোধ তুলে স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *