সিমনা বিধানসভার হেজামারা ব্লকের অন্তর্গত রুব্রীতুইসা এডিসি ভিলেজের দুগ্রাই এলাকার বাসিন্দা বিশ্বরাজ দেববর্মা চরম আর্থিক সংকটের মধ্যেও ভঙ্গুর কুড়ে ঘরে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার আশায় এবার সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানালেন তিনি।জানা যায়, বিশ্বরাজ দেববর্মা একজন অন্তদয় রেশনকার্ডধারী। তাঁর পরিবারে স্ত্রী, ছেলে-মেয়ে মিলিয়ে মোট পাঁচজন সদস্য রয়েছেন। দীর্ঘদিন ধরে একটি কুড়ে ঘরেই বসবাস করে আসছিলেন তাঁরা। তবে সাম্প্রতিক ঝড় ও তুফানে সেই ঘরটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্তমানে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ওই ঘরেই পরিবার নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন বিশ্বরাজ দেববর্মা। আর্থিক দুরবস্থার কারণে নতুন করে ঘর নির্মাণ করার সামর্থ্যও নেই তাঁর।অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকেও এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছেন তাঁরা। ফলে চরম অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে পরিবারের সদস্যদের।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বরাজ দেববর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি পাকা ঘরের দাবি জানান। তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, দ্রুত সহায়তা না পেলে পরিবার নিয়ে আরও বড় বিপদের মুখে পড়তে পারেন।এলাকাবাসীরাও প্রশাসনের কাছে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আবেদন জানিয়েছেন।
ঝড়ে ভেঙেছে কুড়ে ঘর, জীবন ঝুঁকিতে পরিবার! প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন সিমনার বিশ্বরাজ দেববর্মার
