লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া শিবির এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, অবৈধ জমি দখলকে ঘিরে সংঘটিত হামলায় এক বৃদ্ধাসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছে আক্রান্ত পরিবার।আক্রান্ত পরিবারের দাবি, বিশ্বজিৎ সরকার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্যের জমি অবৈধভাবে দখল করার চেষ্টা চালিয়ে আসছেন। শুধু তাই নয়, ওই জমিতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি পরিবার বসানোরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জমির প্রকৃত মালিক পক্ষের মেয়েরা এতে বাধা দিলে বিশ্বজিৎ সরকার ও তাঁর সহযোগীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ।এই হামলায় এক বৃদ্ধাসহ মোট তিনজন আহত হন। পরে আহতদের মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন।পরিবারটির অভিযোগ, স্থানীয় শাসকদলের কিছু প্রভাবশালী ব্যক্তির মদতেই বিশ্বজিৎ সরকার জমি দখলের চেষ্টা করছেন। পাশাপাশি অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে থানায় জানাতে গেলে পুলিশ উল্টে তাঁদেরই ধমক দেয় এবং প্রয়োজনীয় সহযোগিতা করেনি।ঘটনার বিবরণ দিতে গিয়ে পরিবারের সদস্যরা জানান, বহু বছর আগে বিশ্বজিৎ সরকার বাংলাদেশ থেকে ভারতে এলে তাঁদের প্রয়াত পিতা মানবিক কারণে ওই জমিতে থাকার জায়গা দিয়েছিলেন। পরবর্তীতে সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বজিৎ সরকার জমি দখলের চেষ্টা শুরু করেন। এ নিয়ে আদালতে মামলাও দায়ের করা হয়, যা এখনও বিচারাধীন।পরিবারের দাবি, বৃদ্ধ পিতার মৃত্যুর পর ফের ওই জমি অবৈধভাবে দখল করার চেষ্টা শুরু করেন অভিযুক্ত। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক এই হামলার সূত্রপাত।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ! ফটিকছড়ায় আহত ৩, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
