Headlines

ত্রিপুরার বন ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের সূচনা, উদ্বোধন হল ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ

আগরতলা, ৩০ মে : ত্রিপুরার বন ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা হলো। টেকসই জলাধারভিত্তিক বন ব্যবস্থাপনা প্রকল্প এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ (FIGS) অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এসময় উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান সচিব রবীন্দ্র কুমার সামল-সহ বন দপ্তরের অন্যান্য শীর্ষ আধিকারিকরা।বন ও জলাধার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। জিআইএস (GIS), রিমোট সেন্সিং, মোবাইলভিত্তিক তথ্য সংগ্রহ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS)-এর সমন্বয়ে তৈরি এই অ্যাপ্লিকেশন বন ও জলাধার সম্পর্কিত বিভিন্ন তথ্যকে একত্রিত করে দ্রুত পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটে এই উদ্যোগ বন প্রশাসনের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর বন ব্যবস্থাপনায় ত্রিপুরাকে দেশের অগ্রণী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে এবং অন্যান্য রাজ্যের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হয়ে উঠবে।প্রকল্প কর্তৃপক্ষের মতে, ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ্লিকেশন বনসম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলসম্পদ ব্যবস্থাপনা এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে বন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *