আগরতলা, ১৬ জুলাই: আসন্ন ৭৪তম শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী লাল বাহাদুর ক্লাব-এ বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হলো। এবারের পূজার মূল আকর্ষণ হিসেবে হায়দ্রাবাদের ঐতিহাসিক গোলকোন্ডা দুর্গের আদলে নির্মিত হবে পূজামণ্ডপ।খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সহ-সভাপতি সুবল ভৌমিক, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের পদাধিকারী ও সদস্যরা, পাশাপাশি বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দা।ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পূজা সম্পন্ন হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য নান্দনিক ও আকর্ষণীয় মণ্ডপ নির্মাণের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও আয়োজন করা হবে।গোলকোন্ডা দুর্গের স্থাপত্যশৈলীকে ফুটিয়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যেই মণ্ডপ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। পূজাকে ঘিরে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, এবারের অভিনব থিম দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে।
গোলকোন্ডা দুর্গের আদলে ৭৪তম দুর্গাপূজার সূচনা, লাল বাহাদুর ক্লাবে খুঁটি পূজা সম্পন্ন
