আগরতলা, ২২ জুলাই: প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত ছাত্র-যুবকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, এনএসইউআই (NSUI) এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে বুধবার আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।কংগ্রেস কর্মী ও সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল করেন। পরে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সমবেত হয়ে প্রতিবাদ সভায় অংশ নেন।বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১২ বছরে কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে NEET-সহ বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার মোট ১৫২টি প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির ঘটনা ঘটেছে। পাশাপাশি, এসব ঘটনার প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-যুবকদের ওপর পুলিশের লাঠিচার্জেরও তীব্র নিন্দা জানান তাঁরা।কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ
