Headlines

⚠️ শিশুদের ওষুধেই মেয়াদ পেরোনোর অভিযোগ, যুবরাজনগরে তীব্র ক্ষোভ!

ধর্মনগর: শিশুদের জন্য নির্ধারিত ওষুধ বিতরণকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠল যুবরাজনগরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। দক্ষিণ যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ।অভিভাবকদের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতাধীন শিশুদের অভিভাবকদের ডেকে এনে ওষুধ বিতরণ করা হয়। পরে ওষুধের বোতলের গায়ে থাকা মেয়াদ উত্তীর্ণের তারিখ খতিয়ে দেখে তাঁরা দাবি করেন, বিতরণ করা ওষুধগুলির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল।অভিযোগের সময় মঙ্গলখালি সাব-সেন্টারের এমপিডব্লিউ মনিষ নাথ, স্থানীয় আশা কর্মী কয়রুন নেছা এবং অঙ্গনওয়াড়ি কর্মী মাম্পী দেবনাথ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। এক সচেতন অভিভাবক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে অন্যদের সতর্ক করেন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ শিশুদের না খাওয়ানোর অনুরোধ জানান।অভিভাবকদের দাবি, শিশুদের স্বাস্থ্যের মতো স্পর্শকাতর বিষয়ে এমন ঘটনা অত্যন্ত গুরুতর। পুরো বিষয়টি তদন্ত করে ওষুধের মেয়াদ, সরবরাহ ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *