Headlines

“মা কোথায়?” দুগ্ধপোষ্য শিশুকে ফেলে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, কান্নায় ভেঙে পড়ছে পরিবার

পশ্চিম নলছড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, মাত্র দুই বছরের এক দুগ্ধপোষ্য শিশুকে রেখে হঠাৎ উধাও হয়ে গেছেন তার মা। অবুঝ শিশুটির কান্নায় এখন ভারী হয়ে উঠেছে গোটা এলাকার পরিবেশ।জানা গেছে, প্রায় আট বছর আগে পশ্চিম নলছড়ের বাসিন্দা বিমল নমঃ-র সঙ্গে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল বর্মন। তাঁদের সংসারে বর্তমানে দুই সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ছয় বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র দুই বছর। পরিবারের দাবি, ছোট শিশুটি এখনও পুরোপুরি মায়ের দুধের উপর নির্ভরশীল।অভিযোগ, গত ৮ মে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সোহেল বর্মন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই শুরু হয় পরিবারের উদ্বেগ। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি।শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বামী বিমল নমঃ মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটি নিছক নিখোঁজের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।এদিকে মাকে হারিয়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে দুই বছরের শিশুটি। সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করছে সে। শিশুটিকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের সদস্যদের।আজ সাংবাদিকদের সামনে বিমল নমঃ আবেগঘন আবেদন জানিয়ে বলেন, কেউ যদি তাঁর স্ত্রীর কোনো খোঁজ পান, তাহলে যেন দ্রুত মেলাঘর থানায় অথবা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এখন পুরো পশ্চিম নলছড় জুড়ে একটাই প্রশ্ন— “মা কোথায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *