মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে রবিবার বিশেষ কর্মসূচির আয়োজন করল ডি ওয়াই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। ফুলের তোড়া, কলম ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে কৃতী পড়ুয়াদের সম্মান জানানো হয়। এই উদ্যোগকে ঘিরে গোটা এলাকাজুড়ে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-ছাত্রীদের সাফল্যকে সম্মান জানানো এবং আগামী দিনে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান এবং সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামু দাস, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব, সম্পাদকমণ্ডলীর সদস্য ও ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ, অঞ্চল কমিটির সম্পাদক রাজীব সরকার, অঞ্চল সভাপতি প্রসন্ন দাস, বিভাগীয় কমিটির সদস্যা মৌটুসী সাহা এবং শ্রমিক আন্দোলনের সর্বভারতীয় নেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।
কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনায় ডি ওয়াই এফ আই, যোগেন্দ্রনগরে উৎসবের আবহ
