প্রয়াত আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য আধিকারিক (ইনচার্জ) ডাঃ সন্দীপন ভট্টাচার্যের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দিয়ে আইনজীবীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানান।বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধারকাজে বিলম্ব, পর্যাপ্ত জরুরি চিকিৎসার অভাব এবং রোগীকে সম্পূর্ণ স্থিতিশীল না করেই একাধিকবার রেফার করার কারণে বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে। তাঁদের দাবি, কুমারঘাট মহকুমা হাসপাতাল ও ঊনকোটি জেলা হাসপাতালে প্রয়োজনীয় ট্রমা কেয়ার ও জরুরি চিকিৎসা পরিকাঠামোর ঘাটতি ছিল।ডেপুটেশনে আইনজীবীরা বাইরের বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠন, চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ এবং তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।অন্যদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগ এখনও কোনো সরকারি বা স্বাধীন তদন্তে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
আইনজীবীর মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, স্বাধীন তদন্তের দাবিতে সরব ঊনকোটি বার অ্যাসোসিয়েশন
