কাছাড়ে বড়সড় মাদকবিরোধী অভিযান। অসম রাইফেলস, কাস্টমস বিভাগ ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর কাছাড় জেলার লালপানি এলাকায় একটি গাড়ি আটক করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ কোটি টাকা।জানা যায়, অন্ধকারের সুযোগ নিয়ে একটি টাটা ট্রাক দ্রুত এলাকা পার হওয়ার চেষ্টা করছিল। তবে যৌথ বাহিনীর সতর্ক নজর এড়াতে পারেনি গাড়িটি। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।অভিযানে MN-03 T 0981 নম্বরের একটি টাটা ট্রাক এবং একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।যৌথ বাহিনীর এই অভিযান আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। অসম রাইফেলস, কাস্টমস ও পুলিশের সমন্বিত এই তৎপরতায় ফের স্পষ্ট হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার রুখতে নিরাপত্তা সংস্থাগুলির নজরদারি আরও জোরদার রয়েছে।
কাছাড়ে ৪৫ কোটির ইয়াবা উদ্ধার! অসম রাইফেলসের অভিযানে গ্রেপ্তার ১
