কুমারঘাট: কাঠে কড়া নাড়ছে মা দুর্গার আগমনী বার্তা। দুর্গাপূজার প্রস্তুতির সূচনালগ্নেই স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে কুমারঘাটের অন্যতম অগ্রণী পূজা আয়োজক ‘ইয়থ ক্লাব’-এর প্রাঙ্গণে সম্পন্ন হলো খুঁটি পূজা। এর মধ্য দিয়েই শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত দুর্গোৎসবের কাউন্টডাউন।খুঁটি পূজা উপলক্ষে সংবাদমাধ্যমের সামনে ক্লাবের সম্পাদক কাজল দাস, পূজা কমিটির সম্পাদক স্বরপ মিত্র তালুকদার, সভাপতি হরিপদ দেব এবং কোষাধ্যক্ষ সজল সিনহা জানান, এবার ২৫ জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছে পূজা কমিটি। এবারের আয়োজনের ৪৮তম বর্ষে মূল নিবেদন হিসেবে থাকছে ‘কাশী বিশ্বনাথ’ থিম।পূজাকে ঘিরে এবারের বাজেট ধরা হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপের আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। আলোকসজ্জার দায়িত্বে থাকছে আগরতলার শিল্পীরা। পাশাপাশি, প্রতিমা রূপায়ণে নবদ্বীপ থেকে আসছেন বিশিষ্ট শিল্পী। ফটিকরায় রাজনগরের হিমাংশু রুদ্র পাল-এর শিল্পকর্মও এবারের আয়োজনে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে জানান উদ্যোক্তারা।রবিবারের খুঁটি পূজার মধ্য দিয়ে কুমারঘাটে কার্যত শুরু হয়ে গেল দুর্গাপূজার প্রস্তুতি। এখন থেকেই মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। মায়ের আগমনের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
‘কাশী বিশ্বনাথ’ থিমে ৪৮তম বর্ষের দুর্গাপূজা! খুঁটি পূজায় শুরু কুমারঘাটের ‘ইয়থ ক্লাব’-এর প্রস্তুতি
