বিধায়ক প্রমোদ রিয়াংয়ের খাস তালুকে বড়সড় ধাক্কা দিল তিপ্রা মথা। ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়া ছড়া ভিলেজ পঞ্চায়েত এলাকায় সিপিআইএম ও বিজেপি ছেড়ে একসাথে ৩৫ পরিবারের ১৫৪ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।জানা গেছে, মনি দেবনাথের নেতৃত্বে তার বাড়িতে আয়োজিত এক উঠান সভার মধ্য দিয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিপ্রা মথা নেতা তথা দক্ষিণ জোনাল চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংয়ের হাত ধরে নবাগতরা দলে সামিল হন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন এমডিসি কেনারাম রিয়াং, সেন্ট্রাল কমিটির সদস্য সেলিম মিয়া, সিনিয়র নেতা অজয় সাহা, চিত্ত দেববর্মা, প্রাক্তন ব্লক সভাপতি প্রতাপ রিয়াং, যুব নেতা রঞ্জু মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব।স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে এলাকার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বিধায়ক ও স্থানীয় নেতৃত্বের দূরত্ব তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছিল। অভিযোগ, এডিসি নির্বাচনের পর বিজেপির কর্মী-সমর্থকদের খোঁজখবরও নেওয়া হয়নি। এমনকি বিধায়কের নিজের পাড়ার সমর্থকরাও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।যোগদান সভায় হরেন্দ্র রিয়াং বলেন, “বিধায়কের নিজের এলাকার মানুষই আজ মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ তিপ্রা মথার পতাকাতলে এসে বুবাগ্রার হাত শক্ত করছে।”একসাথে এতগুলি পরিবারের দলত্যাগে ৩৬ শান্তিরবাজার কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধায়ক প্রমোদ রিয়াংয়ের খাস এলাকায় এই ভাঙন ভবিষ্যতে শাসকদলের জন্য বড় চাপ তৈরি করতে পারে।
খাস তালুকে বড় ধাক্কা! প্রমোদ রিয়াংয়ের এলাকায় ৩৫ পরিবারের তিপ্রা মথায় যোগদান
