Headlines

গোমতীর ভাঙনে তলিয়ে তেলকাজলার প্রধান সড়ক, আতঙ্কে শতাধিক পরিবার; স্থায়ী সমাধানের দাবি

উদয়পুর, নিজস্ব প্রতিনিধি:গোমতী নদীর ভয়াবহ ভাঙনে গোমতী জেলার তেলকাজলা এলাকার প্রধান সড়ক কার্যত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন দুই পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ে শত শত পরিবার, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারমাট ঘাটের সমর সেতুর অদূরে অবস্থিত তেলকাজলার এই গুরুত্বপূর্ণ সড়কের বড় একটি অংশ ইতোমধ্যেই নদীর গর্ভে চলে গেছে। অবশিষ্ট অংশও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, সেটিও ভেঙে পড়লে নদীর স্রোত সরাসরি গ্রামে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে।এই সড়কটি দুই পঞ্চায়েতের মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম প্রধান পথ। প্রতিদিন শত শত মানুষ, যানবাহন এবং মাতাবাড়িগামী বহু পুণ্যার্থী এই রাস্তা ব্যবহার করেন। মূল সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এক স্থানীয় জমির মালিকের সহযোগিতায় অস্থায়ী বিকল্প পথ ব্যবহার করা হচ্ছে। তবে সেই রাস্তার একাংশও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙনের সমস্যা থাকলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, প্রচলিত অস্থায়ী উদ্যোগের পরিবর্তে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে নদীতীর সংরক্ষণ এবং সড়ক রক্ষার কাজ দ্রুত শুরু করা হোক।স্থানীয়দের বক্তব্য, এই সড়কটি রক্ষা করা না গেলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, আশপাশের বহু বসতবাড়ি, কৃষিজমি এবং বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *