আগরতলা: তোলাবাজি ও গুন্ডামির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কংগ্রেসের দরজা বন্ধ বলে স্পষ্ট বার্তা দিলেন কংগ্রেস বিধায়ক তথা এআইসিসির পর্যবেক্ষক সুদীপ রায় বর্মন। একই সঙ্গে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষার দাবিতে ইন্ডিয়া ব্লকের দেশব্যাপী সমাবেশের কথা জানান তিনি।সুদীপ রায় বর্মনের বক্তব্য, ভোটাধিকার রক্ষা, এসআইআর (SIR) প্রক্রিয়া বন্ধ, ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলেন তিনি।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, কিছু ক্লাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, ক্লাবের নামে তোলাবাজি, লুটপাট এবং সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টির মতো ঘটনা ঘটছে। এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।বিজেপি কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কোনও স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় পা দেওয়া উচিত নয়। বিজেপি কর্মীদের প্রতি তাঁর ব্যক্তিগত বিদ্বেষ নেই বলেও জানান তিনি। তবে তোলাবাজি ও গুন্ডামির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কংগ্রেসে কোনও স্থান নেই বলে স্পষ্ট করেন।অন্যদিকে, বিরোধী দলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুদীপ রায় বর্মন বলেন, তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে আগ্রহী নন। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসহিষ্ণুতার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তোলাবাজদের জন্য কংগ্রেসের দরজা বন্ধ, কড়া বার্তা সুদীপের
