Headlines

বিশ্রামগঞ্জে গৃহবধূর বিরুদ্ধে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, পুলিশের দ্বারস্থ গ্রামবাসী

বিশ্রামগঞ্জ: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জের বড়জলা বাঁধের পাড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জান্নাত বেগম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, বাড়িঘর ভাঙচুর এবং নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান তাঁরা।গ্রামবাসীদের অভিযোগ, জান্নাত বেগম তাঁর স্বামী নজরুল ইসলামকে প্রায়ই মারধর করতেন। পাশাপাশি, এলাকায় নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং প্রতিবেশীদের রাবারের শিট চুরির অভিযোগও তাঁর বিরুদ্ধে তোলেন তাঁরা। দুই বছরের শিশুসন্তানকে বাড়িতে রেখে বাপের বাড়িতে চলে যাওয়ার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ অনুযায়ী, শুক্রবার জিরানিয়া খলা এলাকা থেকে কয়েকটি গাড়িতে লোকজন নিয়ে এসে নজরুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করার পাশাপাশি ঘর থেকে ৪০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। নজরুল ইসলামের মা ও ভাইয়ের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা।এই ঘটনাকে কেন্দ্র করে বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।তবে, এই ঘটনায় উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে পুলিশি তদন্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *