ভারত সরকারের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় আয়োজিত ‘যুব সঙ্গম-৬’ শিক্ষামূলক ভ্রমণে অংশ নিতে ত্রিপুরা রাজ্যের ৫০ জন ছাত্র-ছাত্রী মঙ্গলবার সকালে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে হরিয়ানার কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন।আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) এই কর্মসূচির রাজ্য নোডাল ইনস্টিটিউট হিসেবে সমগ্র ভ্রমণের তত্ত্বাবধান করছে। নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন ছাত্রী এবং ২৪ জন ছাত্র রয়েছেন। তাঁরা রাজ্যের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হয়েছেন।এই শিক্ষামূলক সফরের মাধ্যমে শিক্ষার্থীরা হরিয়ানার কুরুক্ষেত্রে অবস্থিত নোডাল এনআইটি-তে পাঁচ দিনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। কর্মসূচির লক্ষ্য হল দেশের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক বৈচিত্র্যের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করানো।অংশগ্রহণকারীদের মধ্যে সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের সায়ন ভৌমিকও স্থান পেয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে গাইড শিক্ষক হিসেবে রয়েছেন ড. পরমবীর সিং, ড. সুকান্ত গোস্বামী, ড. ন্যান্সি শর্মা, ড. করুণা কিরণ এবং অভিষেক কুমার যাদব।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ড. পরমবীর সিং জানান, যুব সঙ্গম কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বৈশিষ্ট্য তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি হরিয়ানার সংস্কৃতি, জীবনযাত্রা ও শিক্ষাব্যবস্থা সম্পর্কেও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন। পাঁচ দিনের এই সফরে বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।তিনি বলেন, এই উদ্যোগ জাতীয় সংহতি ও পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাবে।
যুব সঙ্গমে যোগ দিতে ত্রিপুরার ৫০ শিক্ষার্থীর হরিয়ানা যাত্রা, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর বার্তা বহন করবে তরুণ প্রজন্ম
