Headlines

কৃষকদের হাতেই ফিতা কেটে খোয়াইয়ে ৪ কোটি টাকার দুই সরকারি কার্যালয়ের উদ্বোধন

খোয়াই, ১১ অক্টোবর: কৃষকদের সম্মান জানাতে প্রচলিত রীতির বাইরে গিয়ে দুই কৃষকের হাতেই সরকারি কার্যালয়ের উদ্বোধন করালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। রবিবার দুপুর ১২টায় খোয়াই সদর শহরের অফিসটিলায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীন চার কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুই কৃষককে দিয়ে ফিতা কাটানোর উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ, এসসি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা-সহ কৃষি দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা।কৃষকদের দেশের অন্নদাতা হিসেবে সম্মান জানানো এবং কৃষিক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। কৃষকদের হাত দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হওয়ায় তা বিশেষ তাৎপর্য বহন করে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এবং রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।মন্ত্রী আরও জানান, কৃষি দপ্তরের উদ্যোগে রাজ্যে কোটি কোটি টাকা ব্যয়ে কৃষি মার্কেট নির্মাণ করা হয়েছে। এই মার্কেটগুলির মাধ্যমে কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির সুযোগ পাবেন। এর ফলে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা আরও সুসংগঠিত হবে এবং কৃষকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।খোয়াইয়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন কার্যালয় দুটি কৃষি দপ্তরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার পাশাপাশি কৃষকদের পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। কৃষকদের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য করা এবং কৃষি পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *