বিশালগড়: গভীর রাতে এক ব্যক্তির বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত গকুলনগরের শর্মা পাড়া এলাকায়। আহতদের নাম বিশ্বজিৎ শর্মা ও সনজিৎ শর্মা।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে অভিযুক্ত প্রাণেশ শর্মা ধারালো অস্ত্র নিয়ে বিশ্বজিৎ শর্মার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এই ঘটনায় বিশ্বজিৎ শর্মা ও সনজিৎ শর্মা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন।ঘটনার পর উত্তেজিত এলাকাবাসীরা অভিযুক্ত প্রাণেশ শর্মাকে আটক করে তাঁর হাত-পা বেঁধে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে। অভিযোগ, এই সময় অভিযুক্ত প্রকাশ্যে হুমকি দেন, থানা থেকে বেরোতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণে মেরে ফেলবেন।এদিকে, সোমবার সকালে আহত বিশ্বজিৎ শর্মা ও তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্ত প্রাণেশ শর্মার বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
গকুলনগরে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত দুই ভাই!
