Headlines

নবমীর রাতে স্কুটি দুর্ঘটনা, প্রাণ গেল ১৭ বছরের জিতের

উৎসবের আনন্দের মাঝেই নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটে। আসাম-আগরতলা জাতীয় সড়কে লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ বছরের জিৎ সরকারের। গুরুতর আহত অপর নাবালক আরোহী দ্বীপ চৌধুরী (১৭) আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, মঙ্গলবার রাতে লাল রঙের একটি স্কুটিতে তেলিয়ামুড়ার দিক থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল দুই কিশোর। লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি অথবা একটি বিশাল বটগাছে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সংঘর্ষে স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হয়।খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিৎ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। দ্বীপ চৌধুরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।এই দুর্ঘটনার পর নাবালকদের যানবাহন চালানো, অভিভাবকদের নজরদারি এবং জাতীয় সড়কে ট্রাফিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৭ বছর বয়সি দুই কিশোর কীভাবে স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়েছিল, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি আটক করা হয়েছে। নবমীর রাতে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চাকমাঘাট এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *