দুর্গাপুজোর আনন্দের মাঝেই চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল কাঁকড়াবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকায়। অভিযোগ, সপ্তমীর রাতে একই এলাকায় পৃথক দুটি স্থানে চুরির ঘটনা ঘটে। একটি পাম্প হাউস থেকে চুরির পাশাপাশি দেবাশীষ ভৌমিকের অটো গাড়ি থেকে ব্যাটারি ও চাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল।স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ইটভাটা সংলগ্ন এলাকায় পাম্প হাউসে চুরির ঘটনা ঘটে। একই রাতে অটো গাড়ির ব্যাটারি ও চাকা চুরির ঘটনাও সামনে আসে। পরপর এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গোৎসবের সময় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।উৎসবের দিনগুলিতে বহু মানুষ বাড়িঘর ফাঁকা রেখে ঠাকুর দেখতে বের হন। এই পরিস্থিতিতে রাতের নিরাপত্তা ও পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবি জানাচ্ছেন স্থানীয়দের একাংশ। তাঁদের প্রশ্ন, উৎসবের মরশুমে চুরির ঘটনা রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?তবে এই ঘটনায় কারা জড়িত, তা এখনও নিশ্চিত নয়। চুরির ঘটনাগুলির তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে এলাকায়। দুর্গাপুজোর বাকি দিনগুলিতে কাঁকড়াবন এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বাসিন্দারা।
পুজোর রাতেও চোরের দৌরাত্ম্য, কাঁকড়াবনে পাম্প ও অটোতে চুরি!
