গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানাধীন ইউএনসি নগর এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। অভিযানে মোট চারটি কালো রঙের সেলোটেপে মোড়ানো গাঁজাভর্তি প্যাকেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় আট কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনার পরই সোনামুড়া থানায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতেই বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে উপযুক্ত পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মহামান্য আদালতে তোলা হবে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, সোনামুড়া থানার বিশেষ তদন্তকারী দল বর্তমানে ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকার একাধিক ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে বলে দাবি পুলিশের। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় সেই তথ্য যাচাই করা হচ্ছে।তদন্তকারী সংস্থার অনুমান, এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগামী দিনে ওই এলাকা থেকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোনামুড়ায় পুলিশের বড়সড় অভিযান! বাড়ি থেকে উদ্ধার ৮ কেজি গাঁজা, গ্রেফতার গৃহকর্তা
