রাজধানীর আইজিএম হাসপাতালে এক গর্ভবতী মহিলার মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম বিভা দেবনাথ (৩৪)। তাঁর স্বামীর নাম পঙ্কজ দেবনাথ। পরিবারের বাড়ি আমতলী এলাকায়।পরিবারের অভিযোগ, অসুস্থ অবস্থায় বিভা দেবনাথকে গতকাল আইজিএম হাসপাতালে নিয়ে আসা হলেও সেখানে কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। ঈদের ছুটির কারণে হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ছিলেন না বলেও অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের দিয়েই রোগী দেখা হচ্ছিল এবং চিকিৎসায় গাফিলতির কারণেই ওই গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম মহিলা থানার পুলিশ।এই ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও জরুরি পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গর্ভবতীর মৃত্যুকে ঘিরে আইজিএমে উত্তেজনা! চিকিৎসা গাফিলতির অভিযোগে ক্ষোভ
