আগরতলা, ৩১ মে: রাজ্যে সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ফরওয়ার্ড ব্লক। রবিবার দলের রাজ্য সদর দপ্তরে অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকে এডিসি নির্বাচন নিয়ে পর্যালোচনার পাশাপাশি রাজ্য কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক D. Devarajan-এর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও দলীয় বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে ‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি দেবরাজন বলেন, ত্রিপুরায় ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক ভিত্তি রয়েছে। তবে দক্ষ ও শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে দলকে আরও বিস্তৃত ও শক্তিশালী করা সম্ভব। তিনি জানান, নেতাজির আদর্শ ও ‘নেতাজি ইজম’-কে সামনে রেখে রাজ্যের প্রতিটি প্রান্তে দলীয় কার্যক্রম সম্প্রসারণ করা হবে।রাজনৈতিক মহলে এই বৈঠককে ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
“‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচিতে জোর, সংগঠন শক্তিশালী করতে ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বড় সিদ্ধান্ত”
