সিমনা, ৩১ মে: দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা একটি ব্রিজ এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা এলাকার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিয়াবিল পাড়ার বাসিন্দারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে ব্রিজটির একাংশ ভেঙে গেলেও তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে হেলে পড়া লোহার চ্যানেলের উপর দিয়েই গ্রামবাসীদের যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে স্কুল পড়ুয়া, বৃদ্ধ এবং মহিলাদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।গ্রামবাসীদের দাবি, একাধিকবার পঞ্চায়েত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও শুধুমাত্র আশ্বাস ছাড়া বাস্তবে কোনও পদক্ষেপ দেখা যায়নি। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের আশঙ্কা, যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন তারা। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার স্থায়ী সমাধান করবে বলেই প্রত্যাশা এলাকাবাসীর।
“ভাঙা ব্রিজে ঝুঁকির পথচলা! ব্রহ্মকুণ্ডের পুটিয়াবিল পাড়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী”
