উত্তর ত্রিপুরা জেলার চানপুর কালিমন্দিরে রবিবার এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একটি পরিবারের চার সদস্যের পুনরায় হিন্দু ধর্ম গ্রহণকে কেন্দ্র করে শুদ্ধিকরণ যজ্ঞের আয়োজন করা হয়। দুপুর ২টা নাগাদ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈদিক রীতিনীতি অনুসরণ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।জানা গেছে, নদিয়াপুর-শনিছড়া এলাকার বাসিন্দা দিলীপ দাসের পরিবারের চার সদস্য পূর্বে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তাঁরা নিজেদের ইচ্ছায় পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই চানপুর কালিমন্দিরে শুদ্ধিকরণ যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু মিলন মন্দির কেন্দ্রীয় কমিটির সদস্য অর্পিতা চক্রবর্তী, হিন্দু রক্তে দল উত্তর ত্রিপুরা বিভাগের সভাপতি নিরূপম গুপ্ত, সংগঠনের মুখপাত্র পান্নালাল নাথ, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি জয়লালথং ত্রিপুরা এবং সমাজসেবী দিলীপ তাঁতি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত অতিথিরা বলেন, ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতি সম্মান রেখেই সংশ্লিষ্ট পরিবার নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নিজেদের সিদ্ধান্তে পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তন, চানপুর কালিমন্দিরে শুদ্ধিকরণ যজ্ঞ
