আগরতলা-সিমনা সড়কের ব্রম্ভকুণ্ড শিববাড়ি সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ পাকা ব্রিজের এপ্রোচ ওয়াল এবং সংলগ্ন মাটির অংশ ধসে পড়ায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকা ব্রিজটি এখন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।স্থানীয়দের অভিযোগ, ব্রিজের একাংশে ধস নামার ফলে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় বা প্রতিকূল আবহাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়ছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।অভিযোগ উঠেছে, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সংস্কার কাজ শুরু হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সমস্যা সমাধান করা যায়।এলাকাবাসীর মতে, পূর্ত দপ্তরের উদাসীনতার কারণেই পরিস্থিতি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। তারা অবিলম্বে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।বর্তমানে ব্রিজটির অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যাত্রী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন।
ব্রম্ভকুণ্ডে ব্রিজে ধস, আতঙ্কে যাত্রীরা! বড় দুর্ঘটনার আশঙ্কায় ক্ষোভ এলাকাবাসীর
