আগরতলা কাঁঠালতলি পঞ্চায়েত এলাকায় অবৈধ মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রমীলা বাহিনীর সদস্যরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে নামেন এবং এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি চলছিল। বিষয়টি নিয়ে বারবার আপত্তি জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মহিলারা। মঙ্গলবার তারা সংগঠিতভাবে অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন।স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত উত্তম দাস প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছিলেন। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকাবাসী অভিযুক্ত উত্তম দাসকে আটক করে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে।এলাকাবাসীর দাবি, অবৈধ মদের কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যকলাপ আর না ঘটে, সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
‘নেতার ভাই’ পরিচয়ে মদ ব্যবসার অভিযোগ! প্রমীলা বাহিনীর আন্দোলনে উত্তেজনা কাঁঠালতলিতে
