Headlines

স্মার্ট মিটার ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বিদ্যুৎ নিগম কার্যালয় ঘেরাও

আগরতলা, ৮ জুন: রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা, স্মার্ট মিটার নিয়ে জনঅসন্তোষ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সদর জেলা কংগ্রেস কমিটি।বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন। তাদের দাবি, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি প্রত্যাহার, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন এবং গ্রাহকবান্ধব নীতি গ্রহণের দাবি জানানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকলেও সরকার সেগুলির কার্যকর সমাধানে ব্যর্থ হয়েছে। স্মার্ট মিটার সংক্রান্ত জনমনে যে উদ্বেগ ও ক্ষোভ রয়েছে, তা গুরুত্ব সহকারে বিবেচনা করারও আহ্বান জানান তিনি।বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *