আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায় একটি বড় গাছ পড়ে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে গাছটি রাস্তার উপর পড়ে থাকলেও তা অপসারণে কোনও দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি প্রতিদিন বহু মানুষ ব্যবহার করেন। কিন্তু গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং জরুরি কাজে যাতায়াতকারীদের দুর্ভোগ আরও বেড়েছে।এলাকাবাসীর একাংশের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ওয়ার্ড কাউন্সিলারের নজরে আনা হলেও এখনও পর্যন্ত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে জনমনে অসন্তোষ বাড়ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত গাছ অপসারণ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নাগরিক সমস্যার দ্রুত সমাধানে পুর প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন তারা।তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলার বা পুর নিগম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এলাকাবাসীর আশা, জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাস্তাজুড়ে পড়ে গাছ, বিপাকে সাধারণ মানুষ! কাউন্সিলারের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর
