প্রত্যক্ষদর্শীদের বিস্ফোরক অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিলোনিয়া রেল স্টেশন এলাকায়। গাঁজাসহ আটক এক যুবককে আর্থিক লেনদেনের মাধ্যমে পালাতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে জিআরপি ও বিলোনিয়া থানার কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন চত্বরে সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। তল্লাশিতে একটি ব্যাগের ভেতর থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে অভিযোগ। গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজনকে গাঁজাসহ আটক করা হয়।প্রত্যক্ষদর্শী অটোচালকদের দাবি, আটকের প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে বিলোনিয়া থানার গাড়িতে করে সাধারণ পোশাকে ঘটনাস্থলে পৌঁছান এসআই প্রেমজিৎ রায় এবং পুলিশের আইবি কর্মী নেপাল নমঃ। এরপর আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেই সময় সাধারণ মানুষকে থানার ঘরে প্রবেশে বাধা দিয়ে বলা হয়, “কিছু হয়নি”।অভিযোগ, কিছুক্ষণ পর এসআই প্রেমজিৎ রায়, আইবি নেপাল নমঃ এবং জিআরপি-র অন্যান্য কর্মীরা ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, যুবকটি পালানোর সময় উপস্থিত কয়েকজন ধাওয়া করলেও পুলিশের তরফে তাকে ধরার কোনও তৎপরতা দেখা যায়নি।প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, অর্থের বিনিময়েই ওই যুবককে পালাতে সহযোগিতা করা হয়েছে। এমনকি যুবকের পালিয়ে যাওয়ার দৃশ্য সাংবাদিকদের ক্যামেরাতেও ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে এসআই প্রেমজিৎ রায় বলেন, “আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি পরিবারকে স্টেশনে ড্রপ করতে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” একইভাবে আইবি কর্মী নেপাল নমঃও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নাকচ করেছেন।স্থানীয়দের প্রশ্ন, রেল স্টেশন এলাকায় গাঁজাসহ কাউকে আটক করা হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জিআরপি পুলিশের। তাহলে বিলোনিয়া থানার এসআই সেখানে কীভাবে হস্তক্ষেপ করলেন? এই ঘটনায় নেশা কারবারীদের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ ফের সামনে এসেছে। যদিও এই বিষয়ে জিআরপি থানার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হেফাজত থেকে কীভাবে ধৃত ব্যক্তি পালিয়ে গেল, তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে গোটা বিলোনিয়া জুড়ে।
বিলোনিয়া জিআরপি থানার সামনে চাঞ্চল্য! গাঁজাসহ ধৃত যুবক পুলিশের হেফাজত থেকেই উধাও, ঘুষের অভিযোগে কাঠগড়ায় পুলিশ
