Headlines

মেলাঘরে বনদপ্তরের বড়সড় অভিযান, অবৈধ কাঠ বোঝাই বোলেরো আটক

অবৈধ কাঠ পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল সিপাহীজলা জেলার মেলাঘর বনদপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠের লগসহ একটি বোলেরো গাড়ি আটক করেছে বনকর্মীরা। তবে বনদপ্তরের উপস্থিতি টের পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক ও পাচারকারীরা।জানা গেছে, মেলাঘর বনদপ্তরের কাছে খবর আসে যে কলমক্ষেত সংলগ্ন সমর সেতু এলাকা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ পাচারের চেষ্টা চলছে। খবর পাওয়ার পরই বনদপ্তরের একটি বিশেষ দল ওই এলাকায় ওত পেতে বসে। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি (নম্বর: TR-01-Q-1525) সেখানে পৌঁছালে বনকর্মীরা সেটিকে আটকানোর চেষ্টা করেন।বনদপ্তরের গাড়ি দেখতে পেয়ে চালক ও তার সহযোগীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠের লগ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাড়িটি বনদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।পরদিন সকালে বনদপ্তরের কার্যালয়ে কাঠের লগগুলির পরিমাপ করা হলে দেখা যায়, প্রায় ৫০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার হয়েছে। বনদপ্তরের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে।মেলাঘর বনদপ্তরের এক আধিকারিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া কাঠ ও গাড়ির প্রকৃত মালিকদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং খুব শীঘ্রই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বনদপ্তর স্পষ্ট জানিয়েছে, বনসম্পদ ধ্বংসকারী ও অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *