মধুপুর, ২৪ জুন: সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে কমলাসাগর বিধানসভার মধুপুর বাজার এলাকা। প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শুরু হওয়া অভিযানে বাধা দেন একাংশ ব্যবসায়ী। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মধুপুর বাজার এলাকায় প্রায় ১১৫টি দোকান সরকারি জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এর ফলে বাজার এলাকার পরিসর সংকুচিত হওয়ার পাশাপাশি যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।বুধবার বিশালগড়ের ডিসিএমসহ প্রশাসনের একাধিক আধিকারিক ও পুলিশ বাহিনী দখলমুক্তকরণ অভিযানে নামলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের বিষয়ে পর্যাপ্ত ও স্পষ্টভাবে আগে থেকে জানানো হয়নি।তবে এই অভিযোগ নাকচ করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম মেনে দুই দফায় নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ পাওয়ার পরও অবৈধ দখল সরিয়ে না নেওয়ায় প্রশাসন বাধ্য হয়ে অভিযানে নেমেছে বলে দাবি করা হয়।পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রশাসন কিছু সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী, ফুটপাতের অস্থায়ী দোকান আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব স্থায়ী বা পাকা নির্মাণ সরকারি জমির উপর রয়েছে, সেগুলি আগামী সাত দিনের মধ্যে অপসারণ করতে হবে বলে জানানো হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ দখল সরানো না হলে পরবর্তী পর্যায়ে বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সকলের নজর প্রশাসনের দেওয়া সময়সীমার মধ্যে ব্যবসায়ীরা কী পদক্ষেপ নেন এবং উচ্ছেদ অভিযান কোন দিকে গড়ায় সেদিকেই।
মধুপুর বাজারে উচ্ছেদ অভিযান ঘিরে তুমুল উত্তেজনা, ৭ দিনের আলটিমেটাম প্রশাসনের
