Headlines

ডুকলির ভাঙাচোরা রাস্তার দাবিতে মহাকরণে সিপিআই(এম)-এর ডেপুটেশন, উপস্থিত বিধায়ক রামু দাস

আগরতলা, ২৪ জুন: ডুকলি এলাকার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থা ও দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতে মহাকরণে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআই(এম)-এর ডুকলি অঞ্চল নেতৃত্ব।ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডুকলি কেন্দ্রের বিধায়ক রামু দাসসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। প্রতিনিধিদল ডুকলি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা, জলনিকাশি সমস্যাসহ সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতের প্রতিবন্ধকতার বিষয়গুলি চিফ ইঞ্জিনিয়ারের নজরে আনেন।সিপিআই(এম) নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার একাধিক রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ডেপুটেশন চলাকালে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার দাবি জানানো হয়। পাশাপাশি জনস্বার্থে সংশ্লিষ্ট সমস্যাগুলির স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রতিনিধিদলের সদস্যরা।চিফ ইঞ্জিনিয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে।এদিকে, এলাকার উন্নয়নের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয়, ডেপুটেশনের পর রাস্তাঘাট সংস্কারের কাজ কত দ্রুত বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *