সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে মোহনপুর আদালত এলাকায় পথচারী, যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করল সিমনা অটো-ই রিক্সা শ্রমিক সংঘ। বুধবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সিমনা, কাতলামারা ও মোহনপুর এলাকার অটো শ্রমিকরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রচণ্ড গরমে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শরবত বিতরণ কর্মসূচিতে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।সংগঠনের সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এলাকাগুলিতে বর্তমানে ২০০-রও বেশি অটোচালক পরিষেবা প্রদান করছেন। পূর্বে তারা খোয়াই চৌমুহনী এলাকায় অবস্থান করলেও বিভিন্ন সমস্যার কারণে মোহনপুরের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মোহনপুর আদালতের বিপরীতে অস্থায়ীভাবে অটো স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে স্থায়ী অটো সিন্ডিকেটের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।এদিন কর্মসূচিতে উপস্থিত থেকে সিমনা অটো-ই রিক্সা শ্রমিক সংঘের সভাপতি সুশীল রায় বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও বিভিন্ন সমাজসেবামূলক কাজে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি যাত্রীদের উন্নত ও সুশৃঙ্খল পরিষেবা নিশ্চিত করতে অটোচালকরা এখন থেকে নির্ধারিত স্থান থেকেই পরিষেবা প্রদান করবেন।অন্যদিকে, বিজেপির ২ নম্বর মোহনপুর মণ্ডল সভাপতি কার্তিক আচার্য অটো শ্রমিকদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এ ধরনের কর্মসূচি অন্যদেরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।কর্মসূচি উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্তিক আচার্য ও সুশীল রায় বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
“প্রচণ্ড গরমে স্বস্তির ছোঁয়া, মোহনপুর আদালত এলাকায় শরবত বিতরণ অটো শ্রমিকদের”
