Headlines

কৃষকদের স্বার্থে ৬ দফা দাবি, উনকোটি জেলা শাসকের কাছে কিষাণ কংগ্রেসের স্মারকলিপি

কৃষকদের ন্যায্য অধিকার ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বৃহস্পতিবার উনকোটি জেলা শাসকের নিকট ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করল কৈলাশহর জেলা কিষাণ কংগ্রেস। সংগঠনের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে কৃষি ও কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।স্মারকলিপিতে কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকদের উৎপাদন খরচের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ মূল্য যোগ করে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নির্ধারণের দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্য সরকারকে ধান উৎপাদনের সঙ্গে সঙ্গেই কৃষকদের সমস্ত ধান ক্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।এছাড়াও ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস ও বিদ্যুতের ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কৃষি কাজে ব্যবহৃত সার, কীটনাশক ও অন্যান্য উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং নিম্নমানের সার ও ওষুধ সরবরাহ বন্ধ করার দাবিও তোলা হয়।স্মারকলিপিতে সম্প্রতি অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাবার চাষি, সবজি চাষি ও ধান চাষিদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় অচল হয়ে পড়া জলসেচ ব্যবস্থাগুলি দ্রুত সচল করারও দাবি করা হয়।এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাশহর জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান রুহিদাস সাহা, সাধারণ সম্পাদক অর্পণ ঠাকুর, উনকোটি জেলা কংগ্রেসের সহ-সভাপতি রিন্টু লাল দেব, ২ নং মাছমারা সাধারণ আসনের প্রাক্তন প্রার্থী অর্জুন রায়, মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সাগরিকা চাকমা, উত্তম চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।কিষাণ কংগ্রেস নেতৃত্বের দাবি, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ও প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং উত্থাপিত দাবিগুলির যথাযথ সমাধানে উদ্যোগী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *