মোহনপুর প্রতিনিধি: মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রীর মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে বিতরণ করা চাল ও ডালে অসংখ্য পোকা এবং কীড়া দেখা যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগী পরিবার ও শিশুদের অভিভাবকরা।অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে চাল-ডাল শিশু ও গর্ভবতী মায়েদের মধ্যে বিতরণ করা হচ্ছে, তার মধ্যে পোকা কিলবিল করছে এবং ডালের বড় অংশই পোকায় নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এই খাদ্যসামগ্রী কোনোভাবেই মানুষের খাওয়ার উপযোগী নয়।ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কেন্দ্রে পৌঁছালে অভিযোগের সত্যতা সামনে আসে। এ বিষয়ে কেন্দ্রের কর্মী উনা দেবনাথ জানান, তাঁরা যে খাদ্যসামগ্রী পাচ্ছেন, সেটিই বিতরণ করতে বাধ্য হচ্ছেন। তাঁর দাবি, বিষয়টি সুপারভাইজার সৌরভ দেবনাথকে জানানো হলে তিনি খাদ্যসামগ্রী রোদে শুকিয়ে ব্যবহার করার পরামর্শ দেন।এদিকে সুবিধাভোগীদের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও খাদ্যসামগ্রী পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন আইসিডিএস প্রকল্পের এই অব্যবস্থাপনার বিষয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত। তাঁদের দাবি, দপ্তরের মন্ত্রী টিংকু রায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।এখন দেখার বিষয়, অভিযোগ সামনে আসার পর আইসিডিএস কর্তৃপক্ষ, প্রজেক্ট ডিরেক্টর এবং সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
অঙ্গনওয়াড়ির শিশু ও গর্ভবতী মায়েদের খাদ্যে কিলবিল করছে পোকা! অভিযোগে তীব্র ক্ষোভ ফটিকছড়ায়
