উদয়পুর, ২৬ জুন: প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গোমতী জেলার উদয়পুরের কিল্লা মৈথুলুঙ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বৃহৎ স্বাস্থ্য শিবির। বাবা গড়িয়া মিশন ও হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, উদয়পুর শাখার যৌথ উদ্যোগে এবং গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই শিবিরে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।শিবিরে শিশু, মেডিসিন, অস্থি, চক্ষু, চর্ম ও স্ত্রীরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৮০০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।এছাড়াও ২২০ জনের রক্তে শর্করা ও রক্তচাপ পরীক্ষা, ২৮ জনের ইসিজি এবং হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করা হয়। বেশ কয়েকজন উপযুক্ত উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমাতিয়া হদার সভাপতি প্রেম শশী জমাতিয়া, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, উদয়পুর শাখার সম্পাদক পার্থ প্রতিম সাহা, জমাতিয়া হদার অডিটর পদ্মসাধন জমাতিয়া, হদা অকড়ার বিপ্র কুমার জমাতিয়া, মনিন্দ্র মোহন জমাতিয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা জানান, প্রত্যন্ত ও দুর্গম এলাকার দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনেক অসুস্থ ব্যক্তি শারীরিক অসুস্থতা ও যাতায়াত সমস্যার কারণে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। তাই এমন স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।শিবিরে শনাক্ত হওয়া কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতাল এবং আগরতলার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতেও প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা।এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
প্রত্যন্ত কিল্লায় মেগা স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৮০০ মানুষ
