আগরতলা: রামনগরের মর্মান্তিক বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। বিশেষ করে, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (TNGCL)-এর কোনও গাফিলতি বা অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়টিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হবে।তিনি জানান, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যদি কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।উল্লেখ্য, রামনগরের এই রহস্যজনক বিস্ফোরণে গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মারা যান। ঘটনাটি ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা ও পুলিশ।এদিকে, মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনের পর তদন্ত নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সকলের নজর তদন্তের ফলাফলের দিকে।
রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, TNGCL-এর গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ
