বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে সংঘটিত বহুল আলোচিত গুলিকাণ্ডের তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার গভীর রাতে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মামলার দুই অভিযুক্ত অমন দেব ও রাহুল দেবনাথকে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে অফিসটিলা এলাকায় অমন দেবের বাড়ি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অমন দেব ও রাহুল দেবনাথ পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা পুলিশের হাতে ধরা পড়ে।তদন্তকারীদের দাবি, ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় বাইপাস-সহ বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলায় নাম রয়েছে। এর আগে একই মামলায় রণবীর দেবনাথ, মন সরকার-সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই অমন দেব ও রাহুল দেবনাথ আত্মগোপনে ছিল বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ পোশাকে নজরদারি চালানোর পর অভিযুক্তদের গতকাল গভীর রাতে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে অভিযান চালানো হয় এবং তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।তবে অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য অভিযোগ, যেমন পারিবারিক নির্যাতন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়গুলো এখনও আদালতে প্রমাণিত নয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার, পুলিশের জালে অমন দেব ও রাহুল দেবনাথ
