উত্তর ত্রিপুরা, ২৯ জুন: ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন যুবরাজনগর বিধানসভার পূর্ব তিলথৈ এলাকার বেতাঙ্গি ক্রেশ সেন্টারের বেহাল পরিকাঠামো ঘিরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শ্রমজীবী পরিবারের শিশুদের নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলা এই কেন্দ্রটি বর্তমানে নিজেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।স্থানীয়দের দাবি, কেন্দ্রের ভবনের দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার এবং টিনের ছাদে একাধিক ছিদ্র থাকায় বৃষ্টি হলেই ঘরের ভেতরে জল ঢুকে পড়ে। এছাড়া ছাদের কাঠামোও অত্যন্ত জীর্ণ হয়ে পড়েছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।অভিযোগ রয়েছে, কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, নেই পর্যাপ্ত শোবার ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত রান্নাঘর কিংবা ব্যবহারযোগ্য শৌচালয়। চারপাশে বাউন্ডারি না থাকায় এবং ঘন জঙ্গলে ঘেরা এলাকায় সাপসহ বিষাক্ত প্রাণীর উপদ্রব থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।বর্তমানে প্রায় ২৫ জন শিশুর দেখভালের জন্য রয়েছেন মাত্র একজন ওয়ার্কার ও একজন হেল্পার। অভিভাবকদের দাবি, এত কম জনবল দিয়ে শিশুদের যথাযথ পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে সরকারি তালিকায় থাকা খাদ্যসামগ্রী শিশুদের কাছে নিয়মিত পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।অভিভাবক ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে কেন্দ্রটির পূর্ণাঙ্গ পরিদর্শন করে ভবন সংস্কার, বিদ্যুৎ সংযোগ, নিরাপদ পানীয় জল, উন্নত রান্নাঘর ও শৌচালয়, বাউন্ডারি নির্মাণ, পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং শিশুদের জন্য নির্ধারিত খাদ্য ও খেলাধুলার সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হোক।তবে এ বিষয়ে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ! বেহাল বেতাঙ্গি ক্রেশ সেন্টার, ক্ষুব্ধ অভিভাবকরা
