আগরতলা, ২৯ জুন: ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২০তম পরিসংখ্যান দিবস। তথ্যনির্ভর পরিকল্পনা ও উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের জনগণনা পরিচালক আইএএস রতন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের পরিচালক আইএএস দেবানন্দ রিয়াং, সহ-অধিকর্তা এস. দেব রায়সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান একটি রাজ্য ও দেশের পরিকল্পিত উন্নয়নের অন্যতম ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকর বাস্তবায়নে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।এদিন পরিসংখ্যান দিবস উপলক্ষে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যানের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
তথ্যভিত্তিক উন্নয়নের বার্তা, আগরতলায় পালিত হলো ২০তম পরিসংখ্যান দিবস
