গোলাঘাটি, ২৯ জুন: গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন অভিভাবকরা। তাদের দাবি, বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার নির্দিষ্ট স্থান, বিশুদ্ধ পানীয় জল এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়ছেন ছাত্রছাত্রীরা।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডাইনিং শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে বা গাছের তলায় দাঁড়িয়ে খাবার খেতে হয়। এতে বর্ষাকাল ও অন্যান্য সময়ে দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে বলে তাদের দাবি।এছাড়া বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীকে বাড়ি থেকেই পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। প্রাথমিক বিভাগে শিক্ষক সংকট এবং নার্সারি শ্রেণির জন্য আলাদা শিক্ষক না থাকায় ছোট শিশুদের বড়দের সঙ্গে একই শ্রেণিকক্ষে পড়াশোনা করতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।স্থানীয় অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি চললেও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষক নিয়োগ, বিশুদ্ধ পানীয় জল এবং মিড-ডে মিলের জন্য উপযুক্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মিড-ডে মিল খেতে গাছের নিচে ছাত্রছাত্রীরা! লক্ষ্মীছড়া স্কুলের পরিকাঠামো নিয়ে অভিভাবকদের ক্ষোভ
