ধর্মনগর, ৩০ জুন: কিশোরীদের মধ্যে বাল্যবিবাহের কুফল, শিক্ষার গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে মঙ্গলবার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগ নেয় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ, রাজ্য মহিলা কমিশনের সদস্যা রত্না কর দেবনাথ, শিক্ষিকা শ্যামশ্রী শর্মাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রী।কর্মসূচিতে বক্তারা বাল্যবিবাহের সামাজিক ও আইনি দিক, এর ক্ষতিকর প্রভাব এবং কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, এটি কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য বড় বাধা। তাই পরিবার, বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত উদ্যোগেই এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।অনুষ্ঠানজুড়ে ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও আত্মসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
বাল্যবিবাহ রুখতে ধর্মনগরে কিশোরীদের সচেতনতা কর্মসূচি, গুরুত্ব পেল মানসিক স্বাস্থ্য ও শিক্ষা
