কুমারঘাট, ৩০ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাটে এক ২২ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকা থেকে ফটিকরায় রাজনগরের বাসিন্দা সুমন দাস-এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।জানা গেছে, মৃত সুমন দাস রাজনগর এলাকার বাসিন্দা সজল দাসের ছেলে। পরিবারের অভিযোগ, সুমনের মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো ঘটনার ফল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দারা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে কুমারঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফটিকরায় হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাজনগরের নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।পরিবারের সদস্যদের দাবি, সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি সুমন। সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন বাবা-মা, ভাই এবং আত্মীয়-স্বজন।জানা গেছে, সুমন দাস আগে কাজের সূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। বর্তমানে তিনি বাবার আয়ুর্বেদিক ওষুধের ব্যবসায় যুক্ত থেকে পরিবারের দায়িত্ব পালন করছিলেন।ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কুমারঘাটে ২২ বছরের যুবকের রহস্যজনক মৃত্যু, মাথা-মুখে আঘাতের চিহ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের
