আগরতলা, ৩০ জুন: গুরুতর অসুস্থ মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার রাজধানীর হাঁপানিয়া এলাকার চৌমুহনী পাড়ায় মনশ্রীর বাড়িতে যান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।পরিবারের সঙ্গে কথা বলে মনশ্রীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। এ সময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন যুব কংগ্রেসের নেতৃত্ব।সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীলকমল সাহা জানান, মনশ্রীর চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা সংগ্রহে যুব কংগ্রেস রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নেবে। আগামীকাল থেকেই দলের প্রতিটি জেলা ইউনিটের কর্মীরা অর্থ সংগ্রহ অভিযান শুরু করবেন এবং যতটা সম্ভব অর্থ মনশ্রীর পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন।তিনি আরও বলেন, মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকেও মনশ্রীর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, সম্মিলিত প্রচেষ্টায় মনশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা সংগ্রহ করা সম্ভব হবে।
অসুস্থ মনশ্রীর পাশে যুব কংগ্রেস, চিকিৎসার জন্য রাজ্যজুড়ে অর্থ সংগ্রহের উদ্যোগ
