শান্তিরবাজার, ১ জুলাই: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার লাউগাং সাহা পাড়া এলাকায় রাতের অন্ধকারে একটি রাবার বাগানে ঢুকে শতাধিক রাবারের চারা গাছ নষ্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ, এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত প্রায় ১০ দিন আগে নিজের জমিতে নতুন করে একটি রাবার বাগান তৈরি করেন। প্রচণ্ড গরমের মধ্যেও নিয়মিত পরিচর্যা ও জল দিয়ে তিনি চারাগুলো বড় করে তুলছিলেন। মঙ্গলবার রাতে দুই ব্যক্তি ওই বাগানে ঢুকে একের পর এক রাবারের চারা উপড়ে ও ভেঙে নষ্ট করতে শুরু করেন।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রদীপ দত্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তদের হাতেনাতে আটক করেন। অভিযোগ, আটকের সময় দু’জনই মদ্যপ অবস্থায় ছিলেন। ধৃতদের মধ্যে একজনের নাম মিঠুন দেবনাথ। অপর অভিযুক্ত নাথকলোনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১০০টিরও বেশি রাবারের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বাগান মালিকের।কী কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, এর পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে শান্তিরবাজার থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত বাগান মালিক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাতের অন্ধকারে রাবার বাগানে তাণ্ডব, শতাধিক চারা নষ্টের অভিযোগে আটক ২
