বামুটিয়া, ২ জুলাই: বাড়িতে ছেলের বিয়ের প্রস্তুতি চলছে। তার মধ্যেই চোরের হানায় বড়সড় ক্ষতির মুখে পড়ল একটি পরিবার। পশ্চিম ত্রিপুরার বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা গভীর রাতে দুটি বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার রাবার শিট চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনাটি সকালে পরিবারের সদস্যদের নজরে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি পরিবারে শীঘ্রই ছেলের বিয়ে রয়েছে। বিয়ের আনন্দের আবহের মধ্যেই এমন চুরির ঘটনায় পরিবারটি মানসিক ও আর্থিকভাবে বড় ধাক্কার মুখে পড়েছে।ঘটনার খবর পেয়ে বামুটিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাতের টহল জোরদার এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ছেলের বিয়ের আগেই বড় ধাক্কা! একই রাতে দুই বাড়িতে চুরির তাণ্ডব
